মক্কা-মদিনায় পড়লো ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হামলার দাবি অস্বীকার হুথির

সৌদি আরবে ফের হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে আকাশেই সেই ক্ষেপণাস্ত্র রুখে দেওয়ার দাবি করেছে সৌদি।
এদিকে, মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।
শনিবার (২৪ অক্টোবর) হামলায় ব্যবহৃত মিসাইলের ধ্বংসাবশেষ মক্কা, মদিনাসহ একাধিক এলাকায় আছড়ে পড়েছে বলে দাবি করেছে সৌদি সিভিল ডিফেন্স।
এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে , ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলে সেগুলোর ধ্বংসাবশেষ পড়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তবে ইসলামের পবিত্র দুই নগরীতে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। এদিকে সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলার দাবি করেছে গোষ্ঠীটি।
ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে উপকূলরক্ষী বাহিনীর স্থাপনা লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা আল-মুকাররামা ও মদিনা আল-মুনাওয়ারা অঞ্চলে পড়েছে। ধ্বংসাবশেষের কিছু অংশ মক্কার বাইরের ওয়াদি মুগামাস, জেদ্দার আল-নুজহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিঘের একটি জনবসতিহীন স্থানে পড়েছে।
হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, পবিত্র এলাকা মক্কা ও মদিনাকে লক্ষ্য করে আমাদের বাহিনী হামলা চালিয়েছে বলে সৌদি শত্রুরা যে প্রচার করছে, তা ভয়াবহ মিথ্যাচার।
এর আগে, শনিবার (২৪ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ দেশটির পশ্চিমাঞ্চলের চারটি প্রদেশে ‘সম্ভাব্য বিপদের’ বিষয়ে সতর্কতা জারি করে। এসব প্রদেশের মধ্যে মক্কাও রয়েছে। সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
ভোরের আকাশ/ইউএম