রাজশাহীতে ৮ কেজি হেরোসহ ভাই-বোন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
একই দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকাসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি।
সোমবার (২৩ নভেম্বর) পৃথক অভিযানে এসব মাদক ও অস্ত্র উদ্ধারের তথ্য সংবাদ সম্মেলনে জানান এসআরবি-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।
অন্যদিকে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ময়না বেগম ও শাহাদাত হোসেনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক দুজন সম্পর্কে ভাই-বোন।
এসআরবি সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে জানায়, তারা মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
এছাড়া গত ছয় মাসে এসআরবি প্রায় ১৭টি অবৈধ অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করেছে।
এসব অপরাধে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ৯ জনকে। একই সময়ে প্রায় ৪০ কেজি হেরোইন, ৫ হাজার বোতল ফেনসিডিল, ২৭ হাজার ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে বাহিনীটি।
ভোরের আকাশ/সু.পা