রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় অবস্থিত বি.আর.আই ব্রাদার্স নামের কারখানার শ্রমিকরা হঠাৎ কাজ বন্ধ করে সড়কে নেমে আসেন। পরে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন।
শিল্প পুলিশ পরিদর্শক সেলিম বাদশা জানান, প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলছিল। কারখানার প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক গত মাসের বেতন এখনও পাননি। যদিও কর্তৃপক্ষ গত বৃহস্পতিবারের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল, তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রায় দুই শতাধিক শ্রমিক আন্দোলনে যোগ দেন।
তিনি আরও জানান, কারখানা কর্তৃপক্ষের দাবি—ব্যাংক বন্ধ থাকায় শনিবার বেতন পরিশোধ সম্ভব হয়নি। তবে আগামী সোমবারের মধ্যে সকল বকেয়া পরিশোধ করা হবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে। বিষয়টি সমাধানে শ্রমিক, কারখানা মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক চলছে।
এদিকে সড়ক অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রী ও পরিবহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানানো হয়েছে।
ভোরের আকাশ/ র.ই