ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও সেনাসদস্য স্বামী নিহত

ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় সেনাপ্রশিক্ষক সোহেল কাজী স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তার স্বামী সেনাসদস্য সোহেল কাজীও যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তুলি নিহত হন। পরে গুরুতর আহত সোহেল কাজীকে যশোর সিএমএইচে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত তুলি ও তার স্বামী সোহেল কাজী নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের বাসিন্দা। সোহেল কাজী চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলে স্ত্রী তুলি কে নিয়ে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন সোহেল কাজী। পথে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে ছিটকে পড়ে। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তুলি নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত সোহেল কাজীকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত সেনাসদস্য সোহেল কাজীও যশোর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোরের আকাশ/সু.পা