চবির জীববিজ্ঞান অনুষদে দৃষ্টিনন্দন অডিটোরিয়ামের শুভ উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে নবনির্মিত দৃষ্টিনন্দন অডিটোরিয়ামের শুভ উদ্বোধন আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। উদ্বোধন শেষে নতুন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অডিটোরিয়াম উদ্বোধন এবং বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।
অনুষ্ঠানে চবির ডিনদের পক্ষে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুরে এবং জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিনদের পক্ষে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীববিজ্ঞান অনুষদের ডিন ও অডিটোরিয়াম নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জীববিজ্ঞান অনুষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম গর্বের জায়গা। এই অনুষদের শিক্ষকরা শিক্ষা ও গবেষণায় যে অবদান রেখে চলেছেন, তা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন আমাদের লক্ষ্য হলো—এই অর্জনে সন্তুষ্ট না থেকে আরও উচ্চতর পর্যায়ে যাওয়া। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও আমরা কয়েকটি উদ্যোগ নিয়েছি।
মাননীয় উপাচার্য বলেন, জীববিজ্ঞান অনুষদের জন্য নতুন বৈদ্যুতিক সাবস্টেশন স্থাপন, ফ্যাকাল্টির নামফলক স্থাপন, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ও সেখানে সোলার প্যানেল স্থাপন, পানির পাম্প এবং ওয়াশরুম সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যানিমেল হাউস স্থাপনের উদ্যোগও নেওয়া হবে।
মাননীয় উপাচার্য আরও বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না; আমাদের মূল লক্ষ্য হতে হবে গবেষণায় উৎকর্ষ অর্জন। এ জন্য আমরা Industry-Academia Collaboration Cell গঠন করেছি। শিল্পপ্রতিষ্ঠানগুলোর বাস্তব সমস্যাগুলো বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীদের সামনে তুলে দেওয়া হবে, যাতে তারা গবেষণার মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে পারেন। মাননীয় উপাচার্য অনুষদের ডিনসহ সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী। তিনি বক্তব্যে মাননীয় উপাচার্যকে ধন্যবাদ জানান। এছাড়া অনুষদ নিয়ে তাঁর পরিকল্পনা ব্যক্ত করেন৷ তিনি এ কাজে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং ধন্যবাদ জানান।
উদ্বোধনী ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীববিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক (ইংরেজি) নুসরাত জাহান। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিনবৃন্দ, চবির অন্যান্য অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দ, প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক (ভারপ্রাপ্ত), আমন্ত্রিত অতিথিবৃন্দ, অফিস প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
ভোরের আকাশ/এনএস