মাগুরায় ১১ ইটভাটায় অভিযান, জরিমানা ২৫ লাখ

মাগুরা সদর উপজেলার পাতুড়িয়া, বাগবাড়িয়া ও আড়পাড়া গ্রামে অবস্থিত ১১টি ইটভাটায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাফাত আল মেহেদী ও আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি ) ১১টি অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা সহায়তা প্রদান করেন। অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী সর্বমোট ২৫ লক্ষ ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ সময় প্রসিকিউশন দাখিল করেন পরিবেশ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব। অভিযান শেষে সংশ্লিষ্ট ইটভাটা মালিকদের পরিবেশ আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আইন লঙ্ঘন করলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। প্রশাসন সূত্র জানায়, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/র.ই