দুর্গাপূজা উপলক্ষে বরিশাল সদরে বিএনপি নেতার বস্ত্র ও সহায়তা প্রদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ারের নিজ তহবিল থেকে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র (কাপড়) ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের সাবেক হুইপ, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক জেলা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে এসব উপহার ও সহায়তা তুলে দেন।
সহায়তা বিতরণকালে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে মজিবর রহমান সরওয়ার বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সর্বজনীন আনন্দের দিন। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বরিশালের সভাপতি আলবার্ট রিপন বল্লভ,আর ও উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, শ্রমিক দল নেতা আখতারুজ্জামান সাব্বির। এ সময় স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী নাগরিকগণ উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে নেতৃবৃন্দ দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
ভোরের আকাশ/ এনউব