জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে তাহমিনা আক্তার (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা অভিমুখী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস জামালপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহমিনা আক্তার ঢাকার কদমতলী থানার শনির আখড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে। তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, রাতে রেললাইন পারাপারের সময় অগ্নিবীণা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তাহমিনা আক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে জামালপুর জিআরপি থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, প্রথমে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তার সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ ও কলেজের পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তার মুখমণ্ডলও ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যুর সময় তার পড়নে বোরকা ছিল।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা পরিচয়পত্রের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে রওনা দিয়েছেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোরের আকাশ/এম