চাঁদপুরে অসহায় ও অসুস্থদের মাঝে চেক বিতরণ

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে শতাধিক দুস্থ, অসহায় ও অসুস্থ ব্যক্তির মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় চাঁদপুর শহরের মুনিরা ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
চেক বিতরণকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “আপনারা এখনই এই চেক নিয়ে সোনালী ব্যাংকে যাবেন। ব্যাংক থেকে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে। কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। আপনারা এই টাকা নিজেদের প্রয়োজনীয় কাজে লাগাবেন।”
তিনি বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের সময়ে তাদের সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আর্থিক সহায়তা পেয়েছেন, তারা যেন এ অর্থ নিজেদের প্রয়োজন অনুযায়ী সঠিকভাবে কাজে লাগাতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। চেক নগদায়ন করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে সংশ্লিষ্টদের অবহিত করার পরামর্শ দেন তিনি।
এ সময় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করে বলেন, তিনি সবসময় গরিব ও দুস্থ মানুষের কথা চিন্তা করেন। পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে আর্থিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে চেক পাওয়া উপকারভোগীরা তাদের প্রয়োজনীয় কাজে এ অর্থ ব্যয় করার আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজনে এ সহায়তা কাজে আসবে বলে আশা প্রকাশ করা হয়।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ভোরের আকাশ/সু.পা