পীরগাছায় নারী অধিকার ও ক্ষমতায়নে অ্যাডভোকেসি কর্মশালা

নারীর অধিকার প্রতিষ্ঠা, লিঙ্গসমতা নিশ্চিত, বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে রংপুরের পীরগাছায় অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘হার কণ্ঠ, আমাদের ভবিষ্যৎ: লিঙ্গ সমতা এবং নারী ক্ষমতায়নের জন্য যুব-নেতৃত্বাধীন পদক্ষেপ’ শীর্ষক কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের (CAP) আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯টায় পীরগাছা উপজেলা পরিষদের সেমিনার হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়িদ ইমরুল মোজাক্কিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান রাব্বি। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাজেদুল ইসলাম মাজেদ।
জাগো ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে প্রকল্পটি পীরগাছা উপজেলায় বাস্তবায়ন করছে স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন।
কর্মশালায় আরও বক্তব্য দেন উপজেলা এনসিপির সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন ও শামীম হোসেন, জাতীয় যুব শক্তির রংপুর জেলা আহ্বায়ক রাকিবুল হাসান তৌফিক, প্রেসক্লাব পীরগাছার সভাপতি তোজাম্মেল হক মুন্সি, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুইটি আক্তার, পরিবার পরিকল্পনা মাঠকর্মী একরামুল হক, ইউপি চেয়ারম্যান প্রার্থী শিউলি আক্তার রুলি, উজ্জীবন যুব ও ক্রীড়া সংগঠনের সভাপতি আব্দুল কাদের, অন্নদানগর ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, বিন্দু রক্তদান ও সমাজসেবা সংগঠনের সভাপতি ওমর ফারুক এবং সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার জাহিদ হাসান রুমেল।
আলোচনায় বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, লিঙ্গভিত্তিক বৈষম্য, নারীর অধিকার ও সামাজিক-অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি চরাঞ্চলের নারীরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন, সেগুলো নিয়েও আলোচনা করা হয়।
অংশগ্রহণকারীরা এসব সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, গণমাধ্যম ও যুবসমাজের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ভোরের আকাশ/সু.পা