বাউফলে নগদ অর্থ ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৮ হাজার ১০০ টাকাসহ মো. জহিরুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহাশ্রাদ্ধী গ্রামের সরকারি কমিউনিটি ক্লিনিকের সামনের ইটের সলিং সড়ক থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ইয়াবা কেনাবেচার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে জহিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৮ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার জহিরুল ইসলাম আদাবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুর রশিদ রাঢ়ীর ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বাউফল থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ১১, জিআর নম্বর ৪১৩। মামলাটি ৮ নভেম্বর ২০২৬ তারিখে রুজু করা হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/সু.পা