ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে রোমানা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।
এ ঘটনায় চালকসহ আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। নিহত রোমানা কসবা উপজেলার তেতুয়া গ্রামের বারু মিয়ার মেয়ে। রোববার (১০ মে) সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উড়শিউড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন- কসবা উপজেলার আলীনগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম, একই উপজেলার হালিমা, সদর উপজেলার কাছাইট মুন্সীবাড়ির আবু সামা মুন্সীর ছেলে মো. তৌহিন এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে কসবা উপজেলা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা জেলা শহরের দিকে আসছিল। উড়শিউড়া এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি মহাসড়কের পাশে ফোরলেন প্রকল্পের কাজে ব্যবহৃত একটি রোলার গাড়ির সাথে সজোরে ধাক্কা খায়।
এতে চালকসহ ৫ জন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোমানা বেগমের মৃত্যু হয়।
এ বিষয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোরের আকাশকে জানান, ‘অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লাগলে ১ জন নিহত ও ৪ জন আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
ভোরের আকাশ/ র.ই