চিকিৎসা ও শিক্ষায় অসচ্ছলদের সহায়তা অব্যাহত রাখবে চট্টগ্রাম জেলা পরিষদ

চিকিৎসা ব্যয় ও আর্থিক সংকটের কারণে কোনো অসচ্ছল ব্যক্তি যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন এবং অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সে লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে চট্টগ্রাম জেলা পরিষদ। সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
তিনি জানান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক প্রয়োজন পূরণে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য জেলা পরিষদের সহযোগিতা কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি নিয়মিত বিরতিতে এ ধরনের সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রতি এক থেকে দুই মাস পরপর অসচ্ছল ব্যক্তিদের সহায়তায় কার্যক্রম আয়োজনের চেষ্টা করা হবে।
রোববার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা পরিষদের সেমিনার কক্ষে শিক্ষা ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে সীমিত সামর্থ্যের মধ্যেও অসহায় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছে জেলা পরিষদ। বিশেষ করে চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা যেন কারও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কারও আত্মসম্মানবোধে আঘাত লাগা উচিত নয়। প্রয়োজনের সময়ে সহায়তার জন্য জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করতে হবে। যারা সহযোগিতা পাওয়ার উপযুক্ত, তাদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে। শিক্ষা ও চিকিৎসা সহায়তার পাশাপাশি সমাজের অন্যান্য প্রয়োজনেও মানুষের পাশে থাকার পরিকল্পনা রয়েছে।
জেলা পরিষদের প্রশাসক বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবেও মানুষের পাশে থাকার চেষ্টা করা হয়। বন্যা, ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান এবং উৎসব উপলক্ষে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনাকে জেলা পরিষদ তার দায়িত্ব হিসেবে বিবেচনা করে।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বলেন, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করার পরও কোনো সমস্যার সমাধান সম্ভব না হলে রাষ্ট্র ও সরকার মানুষের পাশে দাঁড়াবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এ লক্ষ্য নিয়ে কাজ করছে। সরকারের একটি প্রতিষ্ঠান হিসেবে জেলা পরিষদও জনসেবামূলক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছে।
তিনি বলেন, জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম দায়িত্ব পালনের অংশ হিসেবে অসহায় ও অসচ্ছল মানুষের কল্যাণে সহযোগিতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী প্রকৌশলী মো. জাহেদুল ইসলামসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং সহায়তা গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব