শ্রীপুরে বিকাশ ডিস্টিবিউটরের কোটি টাকা লুটের ঘটনায় মামলা

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের কোটি টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করেছে ডিস্টিবিউটর কর্তৃপক্ষ।
রোববার (১১ অক্টোবর) দুপুরে এ তথ্য জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম।
ওসি জানান, গাজীপুরের শ্রীপুর থানায় বিকাশ ডিস্টিবিউটর ‘‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর’ এর মালিক মোঃ মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে শনিবার দিবাগত রাতে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৮ থেকে ১০জনকে আসামী করা হয়েছে। মামলায় ২ কোটি ৩০ লাখ টাকা লুট হওয়ার তথ্য দেয়া হয়েছে।
জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটকে গুলি করে দুই বস্তা টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এসময় ১০/১৫ জনের দূর্বৃত্তের দল মোটর সাইকেল যোগে এসে টাকা বহনকারী প্রাইভেট কারের গতিরোধ করে গুলি চালায়।এ ঘটনায় ডিস্ট্রিবিউটর কোম্পানির ম্যনেজার গুলিবিদ্ধ হয়।তাদের এলোপাতাড়ি হামলায় চালকসহ আরও দুই কর্মকর্তা আহত হয়। বিকাশের ডিস্টিবিউটর “ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর” এর ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শ্রীপুরে বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার সব ব্যাংক বন্ধ থাকা ও গার্মেন্টস কর্মীদের বেতনের চাপ থাকায় নগদ টাকার সংকটে পড়েন তারা। বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীকে বিকাশের ব্যালেন্স দিয়ে তিনটি প্লাস্টিকের বস্তায় নগদ ৪ কোটি টাকা প্রাইভেটকারে যোগে মাওনা চৌরাস্তার অফিসে আনা হচ্ছিল। প্রাইভেটকারটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছালে বেশ কয়েকটি মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা পথরোধ করে পিস্তল বের করে অ্যাকাউন্টস ম্যানেজারকে লক্ষ্য করে গুলি করে তারা। প্রাইভেটকারের পেছনের ডেস্কে থাকা তিনটি প্লাস্টিকের বস্তায় ৪ কোটি টাকা ছিল। সেখান থেকে দুইটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রথমে ধারণা করা হয়েছিল যে, তিন কোটি টাকার মতো লুটের ঘটনা ঘটেছে। পরে প্রাইভেটকার ডেস্কে থাকা বস্তার টাকা গণনা করে সেখানে ১ কোটি ৭০ লাখ টাকা পাওয়া যায়। দুর্বৃত্তরা যে দুইটি বস্তা নিয়ে গেছে সেখানে ২ কোটি ৩০ লাখ টাকার মতো ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
ওসি জানান, এঘটনায় এখনো কেউ গ্রেপ্তার বা আটক করা যায়নি। টাকা উদ্ধার ও দুর্বৃত্তদের শনাক্তে শ্রীপুর থানা পুলিশ, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ, এসআরবি ও পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিটের সদস্যরা কাজ করছে।
ভোরের আকাশ/ এনউব