শেরপুরে জামায়াত নেতাকে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ

শেরপুর-৩ আসনে ইশতেহারপাঠ মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম খুনের ঘটনার বিচার দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামীর নেতা ও কর্মীরা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে শহরের দরগা রোডে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের মুজিব সড়ক, এসএস রোড ও বাজার স্টেশন হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ মো. মোস্তফা মাহমুদ, ছাত্র শিবিরের সিরাজগঞ্জ শহর শাখার সেক্রেটারি মো. শামিম রেজা ও সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামসহ আরো অনেকেই।
এসময় বক্তারা বলেন, আমরা দেখেছি বাংলার আকাশে এক সন্ত্রাসী সংগঠনের পয়দা হয়েছে। এদের রুখতে হলে আমাদের একতাবদ্ধ হতে হবে। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা যে রাজনীতিতে আছেন তা থেকে সরে আসুন। নতুন রাজনীতি শুরু করুন। না হলে আপনারা প্রত্যাখিত হবেন।
এখনো সময় আছে জনগণের পালস বুঝে রাজনীতি করুন, অন্যথায় ছিটকে যাবেন। প্রশাসনকে বলতে চাই, যারা এর সঙ্গে জড়িত তাদের ব্যবস্থা নিন।
ভোরের আকাশ/র.ই