রাবির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির জন্য ১০ লাখ টাকা অনুদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিন্টুর পরিবার।
সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিণী ও মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।
চেক হস্তান্তরের সময় সালমা শাহাদত এই অর্থ দিয়ে একটি ট্রাস্ট ফান্ড গঠন করে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রীর পরিবারকে ধন্যবাদ জানান। পরে তিনি সালমা শাহাদতের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি স্মারক উপহার তুলে দেন।
এর আগে গত ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিন্টু তার প্রয়াত পিতা ফজলার রহমানের স্মরণে একটি অ্যাওয়ার্ড চালুর জন্য ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে এদিন অনুদানের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস. এম. কামরুজ্জামান, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক অধ্যাপক মোহাম্মদ নজির রহমানসহ বিভিন্ন বিভাগের সভাপতি, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিন্টুর প্রয়াত পিতা ফজলার রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/জেআ