গাইবান্ধায় সাংবাদিকদের হেনস্থার ঘটনায় সেই এসিল্যান্ডের বদলি

অর্পিত সম্পত্তি অধিগ্রহণ নিয়ে তথ্য জানতে গিয়ে সাংবাদিক হেনস্থার ঘটনায় গাইবান্ধার সাদুল্লাপুরের এসিল্যান্ড জসিম উদ্দিনকে পঞ্চগড়ের বোদায় বদলি করা হয়েছে।
বুধবার (২৪ জুন) রংপুর বিভাগের সিনিয়র সহকারী কমিশনার উত্তম কুমার দাশ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ বদলি করা হয়।
এর আগে, গত বৃহস্পতিবার (১৮ জুন) সাদুল্লাপুরের ধাপেরহাটে অর্পিত সম্পত্তি ব্যক্তি মালিকানা দেখিয়ে ৩ কোটি টাকা আত্মসাতের বিষয়ে ভূমি অফিস থেকে ভিন্ন ভিন্ন দুটি প্রতিবেদনের বিষয়ে বক্তব্য জানতে গেলে সাদুল্লাপুরের এসিল্যান্ড জসিম উদ্দিন দুই সাংবাদিকের ওপর চড়াও হন। এসময় তিনি ক্যামেরা ও মাইক্রোফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন এবং উগ্র, অপেশাদার আচরণ করেন।
এ সংবাদ বিভিন্ন গণমাধ্যমে এলে গেল রবিবার (২১ জুন) গাইবান্ধা সার্কিট হাউজে তদন্ত করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম। তবে তদন্ত রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি।
ভোরের আকাশ/এনউব