গ্রামীণ অর্থনীতি ত্বরান্বিত করতে শহীদ জিয়া খালখনন প্রকল্প শুরু করেছিলেন-বিমান মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন তথা গ্রামীণ অর্থনীতিকে বেগবান করার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী খাল খন কর্মসূচি শুরু করেছিলেন।
যমুনার পানি প্রবাহকে স্বল্প মূল্য সেচ সুবিধার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিবালয় উপজেলায় আমডালা খাল খনন প্রকল্প শুরু করেছিলেন শহীদ জিয়া।
বুধবার (২৪ জুন) দুপুরে শিবালয় উপজেলার কাসাদহ খাল খনন কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
বিমান মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন ও বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করছেন।এজন্য জলাবদ্ধতা নিরসন, পানি সংরক্ষণ এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে খাল পুনঃখনন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে পরিবেশ সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং সংশ্লিষ্টদের কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে দেশের অনেক নদী শুকিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সারাদেশে খাল পুনঃখনন কার্যক্রমও চলমান রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে ব্যাপক পরিসরে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। খালগুলোতে পানি সংরক্ষণ, মাছ চাষ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সৃষ্টির লক্ষ্য রয়েছে।
খাল খননে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পরে মন্ত্রীদ্বয় দৌলতপুর ও সাটুরিয়া উপজেলার আরও দুটি খালের খননকাজ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/এনউব