পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসাদুজ্জামান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিক্ষকের নাম মনোরঞ্জন রায় (৫৫)। তিনি চিরিরবন্দর উপজেলার চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের অসীম চন্দ্র রায়ের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের রাবেয়ার মোড় এলাকার সোনাপুকুর নয়া মোল্লাপাড়া গ্রামে স্থানীয় আজিজুল মাস্টারের বাড়ির পাশের রাস্তার জায়গা নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামানের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল।
রোববার দুপুরে রাস্তার জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাক্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধ মীমাংসার জন্য প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় আসাদুজ্জামান ও তাঁর সঙ্গে থাকা কয়েকজনের বিরুদ্ধে মনোরঞ্জন রায়ের মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে। এতে তিনি পাশের ধানখেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পার্বতীপুর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আসাদুজ্জামান (৩২) নামে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/ এনউব