মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠবার্ষিকী পালন

কুমিল্লার মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ ও ডাকাতিয়া নদীতে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন এমপি আবুল কালাম। এর আগে তিনি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ চেক বিতরণ করেন।
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. সফিকুর রহমান সফিক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, সহ-সভাপতি মো. শরীফ হোসেন, এস.এম. মুনসুর আলম, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্ল্যা জিকু, সদস্য সচিব আমান উল্ল্যা চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
র্যালি শেষে বৃক্ষরোপণ ও ডাকাতিয়া নদীতে পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।
ভোরের আকাশ/জেআ