ফুলপুরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

ফুলপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদাবাজির অভিযোগ এনে তার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার বিকেলে কলেজ রোড মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে এলাকাবাসী তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।
জানা যায়, ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা মোড় এলাকার যানজট নিরসনে পার্শ্ববর্তী সড়ক ও জনপথ বিভাগের বন্ধ জলাশয় ভরাট করে স্টেশন নির্মাণ করা হয়। এ জায়গার ফুটপাতে ব্যবসায়ীদের স্থানান্তর করতে স্টেশনের শেষ প্রান্তে পৌরসভার উদ্যোগে অস্থায়ী মার্কেট করে ঘর বরাদ্দ দেওয়া হয়।
এলাকাবাসী ও ফুটপাত ব্যবসায়ীরা জানান, যুবদল নেতা বিল্লাল হোসেন প্রভাব খাটিয়ে ফুটপাত ব্যবসায়ীদের বরাদ্দের তিনটি ঘর দখল করেছে। এছাড়া তার বাসার সামনের দোকানগুলোতে চাঁদা দাবিসহ ব্যবসায়ীদের বিভিন্নভাবে অত্যাচার করছে। এ জায়গার ঝালমুড়ি ও ছোলাবুট বিক্রেতা মানিক মিয়া জানান, বিল্লাল আমার কাছে অবৈধভাবে এককালীন এক লাখ ২০ হাজার ও প্রতি মাসে আট হাজার করে টাকা দাবি করে। না দেওয়ায় দোকান ভাঙচুরসহ নির্যাতন করেছে।
এ ব্যাপারে বিল্লাল হোসেন জানান, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। তারা আমার বাসার যাতায়াতের রাস্তা বন্ধ করেছে। পরে পৌরসভার প্রশাসক এসে বিষয়টি মীমাংসা করে গেছেন।
ভোরের আকাশ/আ.র