আজিজুল হক কলেজে ছাত্রশিবিরের আয়োজনে নবীন বরণ

সরকারি আজিজুল হক কলেজের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিলো ইসলামী ছাত্রশিবির। বুধবার কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে নবীনদের বরণ ও ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
শহীদ মিনার চত্বরে কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে ও কলেজ সেক্রেটারি সাকিব হাসান তামিমের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন (ইফসু) এর সেক্রেটারি জেনারেল ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রিয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া–৬ আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সাবেক জিএস অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার ও সেক্রেটারি শফিকুল ইসলাম সহ শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিশ্ব প্রযুক্তিতে এগিয়ে গেলেও আমরা দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি। উচ্চশিক্ষিত তরুণরা বেকার হয়ে সমাজের বোঝা হয়ে দাঁড়িয়েছে, অথচ রাষ্ট্র তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে ব্যর্থ। এই সংকট উত্তরণে তরুণদের সৎ ও দক্ষ নেতৃত্বে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীদের চরিত্র গঠন, ক্যারিয়ার উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থী অংশ নেন। বিশেষ করে ছাত্রীদের ব্যাপক উপস্থিতি কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি করে। প্যান্ডেলের প্রায় তিন-চতুর্থাংশজুড়ে ছিল ছাত্রীদের উপস্থিতি। নবীন বরণ উপলক্ষে পুরো ক্যাম্পাস বর্ণিল সাজে সজ্জিত করা হয়। আগের রাতের আলোকসজ্জা সকলের দৃষ্টি কাড়ে।
নবীন শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের কল্যাণে শিবিরের এমন ক্রিয়েটিভ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে এমন প্রত্যাশা তাদের।
ভোরের আকাশ/জাআ