ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে: এমপি সালাউদ্দিন বাবু

আগামী ছয় মাসের মধ্যে মাদকবিরোধী অভিযানে দৃশ্যমান ও কার্যকর অগ্রগতি দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
বুধবার(২৪জুন) সকালে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে পুলিশের সঙ্গে স্থানীয় জনসাধারণের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সাভার-আশুলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দীর্ঘ ১৭ বছরের নানা অনিয়ম, অপরাধ ও অব্যবস্থাপনা দুই-তিন মাসে পুরোপুরি দূর করা সম্ভব নয়। তবে মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দৃশ্যমান পরিবর্তন আনতে আরও কিছু সময় লাগবে। আগামী ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”
সভায় সভাপতির বক্তব্যে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, “পুলিশের কিছু লজিস্টিক সংকট রয়েছে। বিশেষ করে গত ৫ আগস্টের ঘটনায় বেশ কয়েকটি পুলিশি যানবাহন ক্ষতিগ্রস্ত ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। এ অবস্থায় দি-রোজ গ্রুপ ও স্কাইলাইন গ্রুপ পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে দুটি পুলিশিং গাড়ি উপহার দিয়েছে। এজন্য প্রতিষ্ঠান দুটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সাভার-আশুলিয়ায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইদুল ইসলাম এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আশুলিয়া থানা যুবদলের সভাপতি প্রার্থী জাহিদ হাসান বিকাশ এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মোল্লার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সরকার, বিএনপি নেতা নাজীর উদ্দিন, আশুলিয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কিসমত সরকার, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল মীর, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, জিয়া মঞ্চ আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক রিপন শিকদার এবং ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ুন কবিরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এদিকে পুলিশের যোগাযোগ ও টহল কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে জামগড়া পুলিশ ফাঁড়িকে দুটি পুলিশিং গাড়ি উপহার দিয়েছে দি-রোজ গ্রুপ ও স্কাইলাইন গ্রুপ। স্থানীয়রা এ উদ্যোগকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
ভোরের আকাশ/এনউব