নারায়ণগঞ্জ-৫ আসন
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আকস্মিক ঘোষণা দিয়েছেন। নিজের ও পরিবারের নিরাপত্তাজনিত কারণ এবং বিরূপ পরিবেশের কথা উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান মাসুদ সাংবাদিকদের জানান, দল যাকে মনোনয়ন দেবে তিনি তার পক্ষেই কাজ করবেন।
তিনি বলেন, দল থেকে তার ওপর কোনো চাপ, নির্দেশনা কিংবা হুমকি ছিল না। সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।
সংবাদ সম্মেলনে মাসুদ বলেন, ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তার বিষয়টি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেগেটিভ পরিবেশও এই সিদ্ধান্তের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, তার পরিবারই মূল বিষয়, সেই কারণেই তিনি নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে তাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই মনোনয়ন ধরে রাখতে পারলেন না। বিষয়টিকে তীরে এসে তরী ডোবার সঙ্গে তুলনা করে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, দল যাকেই মনোনয়ন দেবে তিনি তার পক্ষে মাঠে কাজ করবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদুজ্জামান মাসুদ বলেন, এই মুহূর্তে ক্ষমা চাওয়া ছাড়া তার আর কিছু বলার নেই। তিনি বলেন, সংসদ সদস্য না হয়েও সমাজ ও মানুষের জন্য কাজ করার অনেক সুযোগ রয়েছে। নির্বাচনী প্রচারণার সময় মানুষের কাছাকাছি গিয়ে তিনি বিষয়টি আরও গভীরভাবে উপলব্ধি করেছেন। নির্বাচনী এলাকার বাইরেও তিনি মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন বলেও জানান।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, সংসদ সদস্য না হলেও তিনি মানুষের পাশে থাকবেন এবং সামাজিক কাজ চালিয়ে যাবেন। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল তার সিদ্ধান্ত মেনে না নিয়ে পুনরায় মনোনয়ন বহাল রাখলেও দল তাকে কোনো ধরনের চাপ দেবে না বলে তিনি বিশ্বাস করেন।
সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। তার আকস্মিক ঘোষণায় পুরো সভাকক্ষে কিছু সময়ের জন্য নীরবতা নেমে আসে।
ভোরের আকাশ/এসএইচ