বগুড়ায় মাদকবিরোধী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন বলেন, মাদকাসক্তি প্রতিরোধে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়, এর পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তিনি যুবসমাজকে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং সিভিল সার্জন মো. খুরশীদ আলম।
আলোচনা শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
ভোরের আকাশ/এসএইচ