সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে জাহিদুল আলমের মতবিনিময়

সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাহিদুল আলম আল-জাহিদ।
গতকাল বুধবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাব হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গণসংহতি আন্দোলনের সীতাকুণ্ড উপজেলা আহবায়ক নুরুল আলম এর সভাপতিত্বে চট্টগ্রাম উত্তর জেলার সদস্য ও প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট মারুফ হোসেন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে গণসংহতি আন্দোলন মনোনীত মাতাল প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার জাহিদুল আলম আল-জাহিদ।
তিনি বলেন, দেশে শাসন ক্ষমতার পরিবর্তন হয়। সরকার আসে আর সরকার যায়। কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের নেই কোন পরিবর্তন। জনগণের সেবা করার অঙ্গীকারে নির্বাচিত হয়ে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে জনপ্রতিনিধিরা প্রতিনিয়ত খেলছে লীলাখেলা। জনপ্রতিনিধিদের অবহেলায় সকল প্রকার রাস্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয় এলাকার জনসাধারণ।
তিনি নির্বাচনী এলাকার শিল্প-কারখানায় নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার, প্লাস্টিক দুষন থেকে রক্ষা করে উপজেলার সম্ভাবনায় পর্যটন স্পটগুলোতে সুপেয় পানির সু-ব্যবস্থা, স্যানিটেশন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট নিরসন ও দূর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা।
এছাড়াও শ্রমিকদের কল্যাণে গ্রীণ শিপইয়ার্ড প্রতিষ্ঠা, অবৈধ ভাবে সমুদ্রের বালি উত্তোলন ও পাহাড় কর্তণের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাবো। জনসংহতি আন্দোলনের প্রার্থীকে মাথাল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন আপনাদের ভোটে নির্বাচিত হলে নির্বাচনী এলাকাকে উন্নয়ন ও শান্তির জনপদে পরিণত করতে সার্বিক প্রচেষ্ঠা অব্যাহত রাখবো। আপনাদের অধিকার আদায়ে কাজ করার সুযোগ চাই।
মতবিনিময় সভায় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ সমঅধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে চট্টগ্রাম-৪ নির্বাচনী একাকায় কর্মরত সাংবাদিকদের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন এর মিরসরাই উপজেলার যুগ্ন আহবায়ক দিদারুল আলম, চট্টগ্রাম উত্তর জেলার সদস্য এবং প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট মারুফ হোসেন, সীতাকুণ্ড উপজেলার আহবায়ক নুরুল আলম, সদস্য এম. এন আলম, প্রার্থীর মাতা জাহেদা বেগম ও ভাবী সুচনা আক্তার প্রমুখ।
ভোরের আকাশ/আ.র