শ্রীপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় মাচা ছিঁড়ে নিচে পড়ে গিয়ে রাসেল নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. রাসেল (২৬) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার শালুয়াদি গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো।
প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজনেরা জানান, শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকার একটি মাদ্রাসার নির্মাণ কাজ চলছে। শনিবার রাসেল ওই ৫তলা ভবনে মাচা বেঁধে কাজ করার সময় হঠাৎ মাচা ভেঙে নিচে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসাধীণ অবস্থায় রাসেল মারা যায়।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল ইসলাম বলেন, এঘটনায় থানায় নিহতের স্বজনেরা লিখিত অভিযোগ দায়ের করেছেন। মরদেহের ময়নাতদন্ত করা হবে। এছাড়াও যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভোরের আকাশ/জাআ