বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিআরএম)-এর জেলা কমিটি গঠনের লক্ষ্যে কুড়িগ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে শহরের প্রগতি সংসদ কার্যালয়ে দলিত সম্প্রদায়ের সদস্যদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি শফি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিডিআরএম কেন্দ্রীয় কমিটির সভাপতি উত্তম কুমার ভক্ত, ক্যাম্পেইন কো-অর্ডিনেটর ইশতিয়াক মাহমুদ, সংগঠনের সাবেক জেলা সভাপতি ভোলারাম রবিদাস, পরেশ রবিদাস, সুশান্ত রবিদাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা জরুরি। ধর্ম, বর্ণ, পেশা কিংবা সামাজিক অবস্থানের ভিত্তিতে কোনো ধরনের শ্রেণি বৈষম্য কাম্য নয়। তারা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং একটি শক্তিশালী কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া দলিত জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দাবি ও করণীয় বিষয় তুলে ধরা হয়।
ভোরের আকাশ/ র.ই