জামালপুরে অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থায় চরম দুর্ভোগে হাজারো মানুষ

জামালপুরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা, খাল-নালা ভরাট এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
পৌরসভার বাইপাস, গেইট পাড়, ফকির পাড়া, চন্দ্রা, হাট চন্দ্রা, মনিরাজ পুর, শেখের ভিটা, পলাশতলা, বিসিক এলাকার পেছনের অংশ, পৌর কবরস্থান এলাকা ও বিজিবি ক্যাম্প সংলগ্ন সড়কসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি ঘণ্টার পর ঘণ্টা জমে থাকে। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানির কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও যান চলাচল খাতে এর নেতিবাচক প্রভাব পড়ছে প্রতিদিন।
স্থানীয়দের অভিযোগ, শহরের অনেক ড্রেন বছরের পর বছর সংস্কার না হওয়ায় ভরাট হয়ে গেছে। কোথাও কোথাও ড্রেন থাকলেও নিয়মিত পরিষ্কার না করায় পানি যেতে বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে নতুন নতুন স্থাপনা নির্মাণের সময় পানি নিষ্কাশনের বিষয়টি উপেক্ষিত হওয়ায় সংকট আরও প্রকট হয়েছে।
জলাবদ্ধতার কারণে জনস্বাস্থ্যের ঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। চিকিৎসক মাইশা বিনতে মাজেদ বলেন, 'জমে থাকা পানি ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানিতে ব্লিচিং পাউডার ব্যবহার এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।'
জামালপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, 'অপরিকল্পিতভাবে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণের কারণে অনেক জায়গায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। সমস্যা সমাধানে আনসার ক্যাম্প থেকে এলজিইডি হয়ে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত একটি ড্রেন নির্মাণকাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে শহরের একটি বড় অংশের জলাবদ্ধতা কমে আসবে। পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে।'
ভোরের আকাশ/এনউব