নিখোঁজের ১০ দিন পর কাস্টমস সদস্যের খণ্ডিত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় নিখোঁজের ১০ দিন পর রাকিব রায়হান তালুকদার (৪০) নামে কাস্টমসের নিরাপত্তা শাখার এক সদস্যের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তায় ভরে গ্রামের একটি পুকুরে ফেলে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামে নিহতের বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাকিব রায়হান তালুকদার সোয়াইতপুর গ্রামের মৃত ছিদ্দিক তালুকদারের ছেলে। তিনি ঢাকার কমলাপুর এলাকায় কাস্টমসের নিরাপত্তা শাখায় সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব প্রতি সপ্তাহে বৃহস্পতিবার কর্মস্থল থেকে বাড়িতে আসতেন এবং শনিবার আবার কর্মস্থলে ফিরে যেতেন। গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও কর্মস্থলে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি। পরে ২৭ জুলাই তার বড় ভাই নুরুল ইসলাম ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার পর থেকেই নিহতের বাড়ির কেয়ারটেকার রাজু মির্জা নিখোঁজ রয়েছেন। এ ছাড়া তার আরও কয়েকজন সহযোগী পলাতক বলে ধারণা করছে পুলিশ। এদিকে উপজেলার অনন্তপুর বাজুয়া নদী এলাকা থেকে রাকিবের ব্যবহৃত মোটরসাইকেলের চাবির রিং উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কেয়ারটেকার রাজু মির্জা টাঙ্গাইলের এক দালালের মাধ্যমে বিদেশে পালানোর চেষ্টা করছেন। এ কারণে তার পাসপোর্ট জব্দের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
জিডির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শুভ্র সাহা বলেন, ঘটনার পর থেকেই কেয়ারটেকার রাজু মির্জা ও তার এক সহযোগী পলাতক রয়েছেন। এছাড়া আরও তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তার ভেতর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
ভোরের আকাশ/জেআ