মতলব উত্তরে নিষিদ্ধ জালসহ তিন জেলে আটক

চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধ চায়না চাঁইসহ তিন জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ২০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮০ মিটার চায়না চাঁই জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকা ও জহিরাবাদ লঞ্চঘাটের সামনে এ অভিযান পরিচালনা করে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি।
আটক ব্যক্তিরা হলেন বাবু মোল্লা (২০), জয়নাল আবেদীন (১৯) ও আক্কাস সর্দার (৫৮)। তারা সবাই মতলব উত্তর উপজেলার বাসিন্দা।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রহুল আমিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধ চায়না চাঁই ব্যবহার করে মাছ শিকারের প্রস্তুতিকালে তাঁদের আটক করা হয়। এ সময় এসব অবৈধ সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়েছে।
মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাঁদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে অভিযান অব্যাহত রয়েছে। ইলিশ সংরক্ষণে নিষিদ্ধ জাল ব্যবহার ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/আ.র