চকরিয়ায় মোটরসাইকেলের চাকায় ১৭ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর মোহাম্মদ লিখন (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে চকরিয়া থানাধীন মালুমঘাট ইউনিয়নের জলদাশ পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লিখন শরীয়তপুর জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া থানা পুলিশের একটি বিশেষ দল মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় কক্সবাজারের দিক থেকে আসা একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। মোটরসাইকেল থামানোর পর চালক লিখনের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে লিখন মোটরসাইকেলের চাকার ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ। পরে তাকে আটক করে মোটরসাইকেলটি মালুমঘাট বাজারের আইমান টায়ার অ্যান্ড ভলকানাইজিং ওয়ার্কশপে নেওয়া হয়। সেখানে স্থানীয়দের উপস্থিতিতে মোটরসাইকেলের সামনের ও পেছনের চাকা খুলে তল্লাশি চালানো হয়। এ সময় টায়ারের ভেতরে বিশেষ কৌশলে রাখা ৩৮টি পোটলা থেকে ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিখন জানিয়েছেন, কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলের চাকায় লুকিয়ে শরীয়তপুরে নিয়ে যাচ্ছিলেন তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক পাচারে অভিনব কৌশল নেওয়া হয়েছিল। তবে চকরিয়া থানা পুলিশ সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ একজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ভোরের আকাশ/আ.র