শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

ফের অশান্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, বন্ধ ১১২ কারখানা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও স্বাভাবিক হয়নি সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ। বুধবার সকালে নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করে হাজিরা দিলেও কিছুক্ষণ পর কাজ বন্ধ রেখে বিক্ষোভে নামেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে হেমায়েতপুর, উলাইল, জামগড়া, নরসিংহপুর, বেরন ও জিরাবোসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে।

শ্রমিক অসন্তোষের জেরে বুধবার পর্যন্ত শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৪টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া নোটিশের মাধ্যমে আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে আরও ৯০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সব মিলিয়ে শিল্পাঞ্চলে বন্ধ ও ছুটির আওতায় থাকা কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ১১২টিতে। এদিকে শ্রমিক অসন্তোষে উসকানি দেওয়ার অভিযোগে তিন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকাল থেকে আশুলিয়ার বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, কাঠগড়া ও সাভারের হেমায়েতপুরসহ বিভিন্ন এলাকার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। তবে সকাল ৯টার পর কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বাইরে বেরিয়ে আসেন। পরে আশপাশের কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে অন্য শ্রমিকদেরও বেরিয়ে আসার আহ্বান জানান তাঁরা। একপর্যায়ে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

পুলিশ, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কয়েকটি কারখানা থেকে শ্রমিকরা বেরিয়ে মিছিল নিয়ে হেমায়েতপুর-সিংগাইর সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের কারখানার শ্রমিকদেরও বাইরে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বিক্ষোভ করেন তারা। অন্যদিকে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরাও কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন। এসব এলাকার কয়েকটি স্থানে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বিকেলে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আল মুসলিম গার্মেন্টসের শ্রমিকরা। পরে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

অন্যদিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় এমকে অ্যাপারেলস কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানাটির প্রধান ফটক, অভ্যর্থনাকক্ষের কাচ ও একটি গাড়ির সামনের কাচ ভাঙচুর করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়। এ ছাড়া জিরাবো এলাকাতেও শ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছিলেন। পরে কয়েকটি কারখানার শ্রমিকরা বেরিয়ে আসার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।

শ্রমিক অসন্তোষে উসকানি দেওয়ার অভিযোগে তিন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে হুমায়ুন কবির নামে এক শ্রমিক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী এলাকায় আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য প্রয়াত হাজী মকবুল হোসেনের বাসা থেকে মোছাম্মৎ সুলতানা বেগম ও মো. ইলিয়াস (৫১) নামে আরও দুই শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোছাম্মৎ সুলতানা বেগম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইলিয়াস এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন মোটর চালক শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উসকানিমূলক পোস্টার, লিফলেটসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বলেন, শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগতও যোগ দিয়েছেন। পাশাপাশি মজুরি বোর্ডের সিদ্ধান্ত কবে আসবে, তা নিয়ে পোশাক শ্রমিকদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে শ্রমিকের ছদ্মবেশে কেউ অরাজকতা, অস্থিতিশীল পরিস্থিতি কিংবা জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

চলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টি

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষের জেরে বুধবার সন্ধ্যা পর্যন্ত শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৪টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া নোটিশের মাধ্যমে আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে আরও ৯০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, এপিবিএন (এসআরবি) ও বিজিবি সদস্যরা।

টানা কয়েক দিনের উত্তেজনার পর বুধবারও নতুন করে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। এখন মজুরি বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন শ্রমিক ও মালিকপক্ষ।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: