রাজশাহীতে ‘স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট’ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে “স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট বৃত্তি পরীক্ষা। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত রাজশাহীর তিনটি কেন্দ্রে—মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, দামকুড়া হাট উচ্চ বিদ্যালয় ও নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষায় রাজশাহী নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাধারণ জ্ঞান ও মানসিক দক্ষতা বিষয়ক প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল।
স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ফাতেমা সিদ্দিক বলেন, এই বৃত্তি প্রকল্প মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং তাদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখে।
বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী ল্যাপটপ, দ্বিতীয় স্থানপ্রাপ্ত ট্যাব এবং তৃতীয় স্থানপ্রাপ্ত স্মার্টফোন পুরস্কার হিসেবে পাবেন। এছাড়াও এই ফলাফল আগামী ১০ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ট্রাস্ট কর্তৃপক্ষ।
পরীক্ষা স্বচ্ছ ও উৎসাহপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেন রাজশাহী–২ আসনের জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের মহাপরিচালক মো. শামীম উদ্দীন।
ভোরের আকাশ/জাআ