কুলাউড়া সীমান্তে ৩ বছরে বিএসএফের গুলিতে ৭ জন নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী তিন ইউনিয়নে চোরাকারবারীদের দৌরাত্ম ব্যাপক হারে বেড়েছে। চোরাচালান সিন্ডিকেট চক্রের মাধ্যমে টাকার লোভে পড়ে সীমান্ত এলাকায় চোরাই মালামাল আনতে গিয়ে প্রাণ হারাচ্ছেন একের পর এক তরুণ-যুবকরা।
গত তিন বছরে কুলাউড়া সীমান্তে ভারতীয় চোরাই মালামাল আনতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেছে ৬ জন। এছাড়া কুলাউড়ার লালারচক সীমান্ত দিয়ে ভারতে থাকা ভাইকে দেখতে গিয়ে কাঁটাতারের কাছে বিএসএফের গুলিতে নিহত হয় স্বর্ণা দাস (১৬) নামের এক কিশোরী।
জানা গেছে, কুলাউড়া উপজেলার কর্মধা, পৃথিমপাশা ও শরীফপুর ইউনিয়নের প্রায় ৩০টি গ্রাম সীমান্তের নিকটবর্তী হওয়ায় এসব এলাকায় চোরাচালানের ঝুঁকি তুলনামূলক বেশি।
ভারতীয় ও বাংলাদেশি চোরাকারবারীদের পারস্পরিক যোগসাজশে মাদকদ্রব্যসহ বিভিন্ন ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে। সীমান্তের দুর্গম ও পাহাড়ি ভূপ্রকৃতি, ঘন বনাঞ্চল এবং বিস্তৃত সীমান্ত এলাকার সুযোগ কাজে লাগিয়ে চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে তাদের অবৈধ কার্যক্রম পরিচালনা করছে।
সীমিত জনবল ও প্রয়োজনীয় সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিজিবি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসব অভিযানে নিয়মিত চোরাচালানি মালামাল জব্দ ও জড়িত ব্যক্তিদের আটক করা হচ্ছে।
তবে প্রচলিত আইনের বিভিন্ন সীমাবদ্ধতা ও আইনি প্রক্রিয়ার সুযোগ কাজে লাগিয়ে আটককৃত অনেক চোরাকারবারী অল্প সময়ের মধ্যে জামিনে মুক্ত হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে চোরাচালান চক্রের মূল হোতারা অনেক ক্ষেত্রে আড়ালে থেকে যাচ্ছে এবং অর্থের প্রলোভন দেখিয়ে তরুণ-যুবকদের ঝুঁকিপূর্ণ ও অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত করছে। এর ফলে সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, ২০২৩ সালের ২ অক্টোবর বিকেলে শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে ফেরদৌস আহমদ (১৪) কে বিএসএফ গুলি করে আহত করে। গুলিবিদ্ধ হওয়ার দুই দিন পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। নিহত ফেরদৌস লালারচক এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে।
২০২৪ সালের ১৭ মার্চ পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে পারভেজ হোসেন সাদ্দাম (১৫) কে বিএসএফ গুলি করে হত্যা করে। নিহত সাদ্দাম কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে।
২০২৪ সালের ১ সেপ্টেম্বর রাতে স্বর্ণা রাণী দাস নামে এক কিশোরী শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত দিয়ে ভারতে থাকা তার ভাইকে দেখতে যাওয়ার সময় কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। নিহত স্বর্ণা জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের পরেন্দ্র চন্দ্র দাসের মেয়ে। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
২০২৫ সালের ৩১ মে শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে রাত ১১টার দিকে বিএসএফের গুলিতে নিহত হন প্রদীপ বৈদ্য (২২) নামে এক যুবক। নিহত প্রদীপ দত্তগ্রামের বাসিন্দা শৈলেন্দ্র বৈদ্যর ছেলে।
২০২৫ সালের ৪ ডিসেম্বর কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বিএসএফের গুলিতে নিহত হন সুকিরাম উড়াং (২৫) নামে এক যুবক। তিনি মুরইছড়া চা-বাগান বস্তির দাসনু উরাংয়ের ছেলে।
২০২৫ সালের ১ মার্চ সন্ধ্যায় শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে চোরাকারবারিদের পূর্ব বিরোধের জেরে জাবেল মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত যুবক জাবেলের পিতা রহমত আলী বাদী হয়ে ২ মার্চ দুপুরে ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
২০২৬ সালের ১২ জুন শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন মুজিবুর রহমান মুজিব (৩০)। নিহত মুজিবুর শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা মৃত অজিবুর রহমানের ছেলে।
গত ৮ আগস্ট শনিবার দিবাগত রাতে পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় বিএসএফের গুলিতে তারা মিয়া (১৯) নামে এক বাংলাদেশি নিহত হয়। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।
বিজিবি, পুলিশ, গোয়েন্দা ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়ার কর্মধা, পৃথিমপাশা ও শরীফপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে চিহ্নিত চোরাকারবারীরা দীর্ঘদিন থেকে ফেনসিডিল, গরু, ইয়াবা, গাঁজা, নাসির বিড়ি, বিদেশি সিগারেটসহ বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসছে। তারা কৌশলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দায়িত্ব পালাবদলের সময়ে কাঁটা তারের উপর দিয়ে কাঠ দিয়ে উভয় পাশে মই লাগিয়ে এবং গোপন পথ দিয়ে এসব মালামাল নিয়ে আসে।
৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান গণমাধ্যমকে বলেন, সীমান্তের নিরাপত্তা ও সীমান্তবাসীর জানমালের সুরক্ষা বিজিবির অন্যতম প্রধান অগ্রাধিকার। অর্থের প্রলোভনে কিছু তরুণ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে জীবনের ঝুঁকি নিচ্ছেন। সীমান্তবাসীকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান থেকে বিরত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, সীমান্ত হত্যা প্রতিরোধে বিজিবির প্রচেষ্টা অব্যাহত থাকবে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, সীমান্তে চোরাচালান সিন্ডিকেট বহু দিন থেকে চলে আসছে। পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে মাদক-চোরাচালানে জড়িতদের আটক করে জেলহাজতে পাঠিয়েছে। সাম্প্রতিক কয়েকটি হত্যার ঘটনার পর সীমান্ত এলাকায় পুলিশী নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে অপরাধ কমাতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
ভোরের আকাশ/সু.পা