নড়াইলে প্রাইভেট কারের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত

নড়াইলে প্রাইভেট কারের ধাক্কায় আল আমিন (২৩) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। নিহত আল আমিন যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের মোহাম্মদ মফিজের ছেলে। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে সদর উপজেলার নড়াইল-যশোর সড়কের বাঁশভিটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিনগত রাত ৮টার দিকে নড়াইল-যশোর সড়কের নড়াইল সদর উপজেলার বাঁশভিটা এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। চালকের সহকারী (হেলপার) আল-আমিন ট্রাকের পিছনে চাকা পরীক্ষা করছিলেন। এ সময়ে যশোর থেকে নড়াইল অভিমুখী একটি প্রাইভেট কার ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের পেছনে থাকা আল আমিনের মৃত্যু হয়। এছাড়া প্রাইভেটকারে থাকা ৩জন আহত হন। আহতদের নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন,লাশ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
ভোরের আকাশ/ইউএম