গাছ রোপণের মাধ্যমে পটুয়াখালীর নতুন ডিসি শহীদ হোসেনের যোগদান

বহুমুখী উপকারী ছাতিম গাছ রোপণের মধ্য দিয়ে দায়িত্বযাত্রা শুরু করলেন পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গাছটি রোপণ করেন তিনি। পরে ট্রেজারি শাখা পরিদর্শনের পূর্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. কামরুল হাসান সোহেলসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে এ বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে নতুন জেলা প্রশাসক জেলার টেকসই উন্নয়ন, সবুজায়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘ছাতিম গাছকে শান্তি, স্থায়িত্ব ও দীর্ঘায়ুর প্রতীক হিসেবে ধরা হয়। এর ঘন সবুজ পত্ররাজি পরিবেশকে শীতল রাখে, বায়ুদূষণ কমায় এবং জীববৈচিত্র্যের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তোলে। পাশাপাশি ভেষজ গুণাগুণের কারণে ছাতিম গাছ চিকিৎসাক্ষেত্রেও বিশেষ গুরুত্ব বহন করে।’
ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি জাপান থেকে পিএইচডি ও পোস্ট-ডক্টরেট সম্পন্ন করেছেন।
এর আগে তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপ-সচিবের দায়িত্বে কর্মরত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ