খানজাহান আলী (র.) মাজারের কুমিরটির ঠাঁই হলো খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে

খানজাহান আলীর (র.) মাজার সংলগ্ন দিঘির একমাত্র মাদি কুমিরটি বুধবার (৩ জুন) দুপুরে সরিয়ে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়দের সহায়তায় বন বিভাগের কুমির বিশেষজ্ঞরা দিঘির পূর্ব পাড়ের একটি ছোট পুকুর থেকে কুমিরটি ধরেন। এরপর হাত-পা ও চোখ বেঁধে বন বিভাগের গাড়িতে তুলে খুলনায় আনা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে ফাতেমা (৭) নামে এক শিশু কুমিরের আক্রমণের শিকার হয়। পরে উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হলে মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের জরুরি সভায় জননিরাপত্তার স্বার্থে কুমিরটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
বুধবার সকাল থেকে বন বিভাগ ও প্রশাসনের কর্মীরা মাজার এলাকায় উপস্থিত হন। সকাল সাড়ে ১০টার দিকে দিঘির পূর্ব পাড়ে কুমিরটি দেখা যায়। দুপুর ১২টার দিকে খাবারের প্রলোভন দিয়ে কুমিরটি বেঁধে ফেলা হয়।
এরপর দিঘি থেকে তুলে গাড়িতে খুলনার উদ্দেশে রওনা দেয় বন বিভাগ। উদ্ধারের পর কুমিরটিকে পুনর্বাসন কেন্দ্রের নির্ধারিত স্থানে রাখা হয়েছে।
ভোরের আকাশ/এম