খালেদা জিয়া আলোকবর্তিকা হয়ে বাংলাদেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করেছেন: শামা ওবায়েদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, দেশের মাটিতে যখনই গণতন্ত্র ব্যাহত হয়েছে ও ফ্যাসিবাদের উত্থান ঘটেছে তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আলোকবর্তিকা হয়ে বাংলাদেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে নগরকান্দা উপজেলার ঐতিহ্যবাহী এম এন একাডেমি স্কুল মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতার কামনায় ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দান কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে একজন আপসীন নেত্রী হিসেবে সংগ্রাম করে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিশংসভাবে হত্যার পর উদ্বুত পরিস্থিতিতে খালেদা জিয়া শুধু জাতীয়তাবাদী দল নয় সারা বাংলাদেশের হাল ধরেছিলেন।
তিনি আরো বলেন, গত ১৭ বছরে খালেদা জিয়া মানুষের পাশে থেকে মানবাধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় লড়াই সংগ্রাম করেছেন। আর সেই কারণে ফ্যাসিবাদীদের দেয়া মিথ্যা মামলায় ছয় বছর জেল খেটেছেন, যা তাকে অসুস্থ করে দিয়েছে।
অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার এর সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ