গাইবান্ধায় ঘাঘট নদী থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধায় ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪০) নামের এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ।
নিহত তাসমিন আরা নাজ গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই মিয়া পাড়া এলাকার নাজির হোসেনের মেয়ে।
তিনি গাইবান্ধা এন.এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন। দুপুরের দিকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধারের পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঘটনাস্থলে থাকা সদর থানার ওসি (অপারেশন) আবু ইকবাল পাশা বলেন, আমরা ঘাঘট নদী থেকে মরদেহ উদ্ধার করেছি। নিহত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলে নিশ্চিত হওয়া গেছে। বিস্তারিত ময়নাতদন্ত শেষে জানা যাবে।
ভোরের আকাশ/জাআ