উলিপুরে দম্পতির ওপর হামলা, গৃহবধূর আঙুলে তিন সেলাই

কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক বিরোধের জেরে এক দম্পতির ওপর দুই দফায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোছাঃ সেলিনা বেগম (৩৭) উলিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর বিকেলে আহসান হাবিব (৩৯), করিমল হোসেন (৬০), আয়শা বেগম (৩৫)সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সেলিনার বাড়িতে গিয়ে তার স্বামী আমিনুল ইসলামকে মারধর করেন। এ সময় লাঠির আঘাতে আমিনুলের ঠোঁট রক্তাক্ত জখম হয়। পরে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর গত ২৫ অক্টোবর সকালে ফের হামলার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, আহসান হাবিব রামদা হাতে আমিনুলকে ধাওয়া করলে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। স্বামীকে রক্ষা করতে সেলিনা এগিয়ে গেলে তাকেও লাঠি দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে আহসান হাবিব রামদা দিয়ে তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে বাম হাত দিয়ে ঠেকাতে গিয়ে আঙুলে গুরুতর কাটা জখম হয়। পরে চিকিৎসক তিনটি সেলাই দেন।
এ ছাড়া করিমল হোসেন তাকে চুল ও কাপড় ধরে টানাহেঁচড়া এবং গলা চেপে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করেছেন সেলিনা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সেলিনা বেগম ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা