মধুপুরে সার ডিলারদের সঙ্গে সুষ্ঠু বিতরণবিষয়ক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে সরকারি নীতিমালা অনুযায়ী সার সংরক্ষণ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে বিদ্যমান ও নবনিয়োগপ্রাপ্ত সার ডিলারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলা পরিষদের চতুর্থ তলার কনফারেন্স রুমে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ উপজেলার ৫০ জন সার ডিলার ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সার সংরক্ষণ, সুষ্ঠু বিতরণ, সরকারি নীতিমালা অনুসরণ এবং ডিলারদের পালনীয় বিধিবিধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম কৃষকদের স্বার্থ রক্ষায় দায়িত্বশীলতার সঙ্গে সার বিতরণ এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য ডিলারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি সার বিতরণে নিয়মনীতি অনুসরণ, স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ভোরের আকাশ/সু.পা