বিএনপির নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ স্বাস্থ্য বিভাগের ৬ কর্মকর্তাকে শোকজ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগের ৬ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। গত (৫ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের ৬ কর্মকর্তাকে শোকজ করা হয়; উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন- কসবার স্বাস্থ্য পরিদর্শক মো. মনিরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন, মো. জুবায়ের মাহমুদ, ফরিদ আহম্মদ, নেপাল চন্দ্র দাস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. বিল্লাল হোসেন।
চিঠিতে বলা হয়েছে, অভিযুক্তরা সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে বিএনপির প্রার্থীর পক্ষে জনসভা ও প্রচারণায় অংশ নিচ্ছেন। এ বিষয়ে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা শিবলী নোমানী ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে ডা. মো. আসাদুজ্জামান ভূঁইয়া জানান, রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী তাদের শোকজ করা হয়েছে। সরকারি চাকরিজীবী হয়ে কোনো রাজনৈতিক দলের প্রচারণায় অংশ নেওয়া নির্বাচন কমিশনের বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।
ভোরের আকাশ/তা.কা