সিরাজগঞ্জে অটোভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে নাঈম হোসেন (২৫) নামে এক ব্যাটারি চালিত অটোভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অটোভ্যান চালক নাঈম হোসেন উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি ব্যাটারি চালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, আজ সকালে খৈচালা বিলে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান এবং রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসনুজ্জামান ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে নাঈম মঙ্গলবার সকালে অটোভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন। সারাদিন কাজ শেষে রাতে সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন প্রতিবেশী আত্মীয়-স্বজনসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও নাঈমের কোনো সন্ধান পাননি। এতে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। পরে আজ সকালে তারা খবর পান খৈচালা বিলের মধ্যে একটা গলাকাটা লাশ পরে আছে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে গলাকাটা লাশ দেখে নিশ্চিত করেন যে এটা নাঈমের লাশ।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, সকালে আমরা খবর পায় সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলে একটি গলাকাটা মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/আ.র