কুষ্টিয়া পীর শামীম হত্যা মামলার ৩ নম্বর আসামি গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম জাহাঙ্গীরের হত্যা মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি রাজীব মিস্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব। গত দুই সপ্তাহে পীর শামীম হত্যা মামলার ৪ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজীব মিস্ত্রী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের গাজী মিস্ত্রীর ছেলে। র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এবং র্যাব-৫-এর একটি যৌথ আভিজনিক দল এই অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। অবশেষে বৃহস্পতিবার রাতে রাজশাহীর গোদাগাড়ী থানা রোডের 'নাসিম হেয়ার ড্রেসার'-এর সামনে থেকে রাজীব মিস্ত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয় আভিযানিক দলটি।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার ( পিপিএম) থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
গত ১০ এপ্রিল ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের পীর কালান্দার শামীম জাহাঙ্গীরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে পবিত্র কুরআন মাজিদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে। এরই জেরে পরদিন ১১ এপ্রিল দুপুরে উত্তেজিত জনতা শামীম জাহাঙ্গীরের দক্ষিণ ফিলিপনগরস্থ আস্তানায় হামলা চালিয়ে তাকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই মোঃ ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় ৪ জন নামীয় এবং ১৮০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৩৬/১৬২)।
ভোরের আকাশ/নি