ফতুল্লায় বস্তাবন্দি অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কিশোরীকে হত্যার পর মরদেহ গোপন করার উদ্দেশ্যে সেখানে ফেলে রাখা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে ফতুল্লার উত্তর ভূঁইগড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে একটি পরিত্যক্ত জায়গায় বস্তাবন্দি অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরীকে হত্যার পর মরদেহ গোপন করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে লিংক রোডের পাশে ফেলে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা