বোয়ালমারীতে বারাশিয়া নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী থেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে নদীর কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ বেশ কিছুদিন ধরে গুণবহা ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। বুধবার দিবাগত রাতে গুণবহা গ্রামের বাসিন্দা নিশানসহ স্থানীয় কয়েকজন ওই বৃদ্ধের গোঙানি ও হাউমাউ করে কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস ধরে নদীর আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও রাতের অন্ধকারে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে স্থানীয়রা বিষয়টি বোয়ালমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় বারাশিয়া নদীর কচুরিপানার মধ্য থেকে ওই অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
এদিকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দাফনের দায়িত্ব নিয়েছেন বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর ও সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক। তিনি বলেন, ‘থানা পুলিশের মাধ্যমে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর জানতে পারি। পরে থানায় এসে স্বপ্রণোদিত হয়ে তার দাফনের দায়িত্ব নিয়েছি। ময়নাতদন্ত শেষে মরদেহটি দাফন করা হবে।’
ভোরের আকাশ/সু.পা