গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

গাজীপুরের পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রুজুকা বেগম (৩০) ও তাঁর সাড়ে তিন বছর বয়সী মেয়ে ইয়ামনির মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১টা থেকে ২টার মধ্যে মহানগরীর পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় ঢাকা-সিটি বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মহাসড়কে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন মা ও মেয়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পূবাইল থানার এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থলে পৌঁছান। তিনি আহত দুজনকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। এ সময় শিশু ইয়ামনির চিকিৎসা চলছিল। পরে রাত আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামনিও মারা যায়।
নিহত রুজুকা বেগম শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে ও মনির হোসেনের স্ত্রী। তাঁর মেয়ে ইয়ামনি। তারা গাজীপুর সদর থানাধীন সালনা বাজার এলাকায় মোস্তফার বাড়িতে ভাড়া থাকতেন।
পূবাইল থানা পুলিশ জানিয়েছে, মা-মেয়ের মরদেহ বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/সু.পা