পাবনায় ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

পাবনার আমিনপুরে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল রানা শিহাব নামে চাকরিচ্যুত এক পুলিশ সদস্যকে আটক করেছে থানা-পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে আমিনপুর থানার কাজীরহাট স্পিডবোট ঘাট থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক এসআই মিজানের নেতৃত্বে একটি দল কাজীরহাট ঘাটে অবস্থান নেয়। পরে তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে সোহেল রানা শিহাবকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক সোহেল রানা শিহাব আমিনপুর থানার ত্রিমোহনী গ্রামের আবু বক্কারের ছেলে। জানা গেছে, পুলিশে কর্মরত অবস্থায় ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তাঁকে চাকরিচ্যুত করা হয়েছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটকের পর সোহেল রানা শিহাব মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি আমিনপুর এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ সময় তাঁর বরাতে বড় চালানের মাদক ব্যবসা এবং রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় কিছু ব্যক্তির মাদক কারবার পরিচালনার অভিযোগও উঠে আসে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাজীরহাট স্পিডবোট ঘাটে অভিযান চালিয়ে সোহেল রানা শিহাবকে আটক করে। পরে তাঁর কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ওসি আরও বলেন, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে। মাদক ব্যবসার সঙ্গে যে দলের পরিচয়ধারী ব্যক্তিই জড়িত থাকুক না কেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা