বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ‘সাদা দল’-এর উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। রবিবার (৪ জানুয়ারি) যোহরের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশ ও জনগণের নেত্রী। ধর্ম-বর্ণ ও মতের ঊর্ধ্বে উঠে তিনি মানুষকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছিলেন। নানা সংকটময় সময়ে তিনি সাহসিকতা ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন। তার মৃত্যুতে দেশ একজন যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্বকে হারিয়েছে। সাদা দলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য কাণ্ডারি। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তার জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, তিনি কতটা জনপ্রিয় ছিলেন। এত বড় জানাজা বাংলাদেশের মানুষ আগে খুব কমই দেখেছে। আজকের এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা মহান আল্লাহর কাছে তার জান্নাতুল ফেরদৌস কামনা করছি।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান, ট্রেজারার ড. জয়েনুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হুদা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. হাবিব-উল-মাওলা, পরিবহন প্রশাসক ও সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমীসহ বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আব্দুল হাকিম।
ভোরের আকাশ/র.ই